পদ্মবিলা প্রতিনিধি
পরিবেশ ও কৃষি আইনকে উপেক্ষা করে চুয়াডাঙ্গায় অবাধে চলছে কৃষিজমির মাটি কাটা ও বহন। অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা হয়ে খেজুরা সড়ক দিয়ে ট্রাক্টরের ট্রলি যোগে কৃষিজমির টপ সয়েল কেটে নিয়ে যাওয়া হচ্ছে ডিঙ্গেদহ এলাকার হিমালয় অটো ব্রিক্স ফিল্ডে। সেখানে গড়ে তোলা হচ্ছে বিশাল মাটির স্তূপ।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাত থেকে কুশোডাঙ্গা থেকে খেজুরা সড়ক দিয়ে নিয়মিতভাবে মাটি পরিবহন করা হচ্ছে। আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের আঃ রশিদ কৃষিজমির উর্বর উপরের স্তর (টপ সয়েল) কেটে ট্রাক্টরে করে সরবরাহ করছেন ডিঙ্গেদহের হিমালয় অটো ব্রিক্সে।
এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রশিদের একটি গাড়িকে ১ লাখ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। তবে স্থানীয়দের দাবি, মাত্র তিন দিন বন্ধ থাকার পর আবারও প্রকাশ্যে দ্বিগুণ গতিতে শুরু হয়েছে মাটি কাটা ও বহনের কাজ।
এলাকাবাসী জানান, অবৈধভাবে টপ সয়েল অপসারণের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সড়কে ভারী ট্রাক্টর চলাচলে ভাঙন ও ধুলাবালির কারণে জনদুর্ভোগও বাড়ছে। তাদের প্রশ্ন—কার ক্ষমতায় ও কোন প্রভাববলয়ে এভাবে পরিবেশ ও কৃষি আইন অমান্য করে কার্যক্রম চালানো হচ্ছে?
স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি বলে তারা মনে করছেন।
কুশোডাঙ্গা থেকে খেজুরা সড়কে দেদারছে মাটি বহনকারী ট্রাক্টর চলছে, জনদুর্ভোগ চরমে



