স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুয়াডাঙ্গা বীজ উৎপাদন খামারে লেবার সরদার আশরাফুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নুরনগর কলোনি খামার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মহিবুল ইসলাম বলেন, “আমি প্রায় ২৫ বছর ধরে এখানে কাজ করছি। আমরা কেউ হঠাৎ করে এসে বসিনি। কিন্তু আমাদের নিয়মিত কাজ দেওয়া হয় না। আরেক শ্রমিক রশিদুল ইসলাম বলেন, “কাজের ভয় দেখিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাপ দেওয়া হয়। না গেলে বলে কাজ বন্ধ করে দেবে। আমরা গরিব মানুষ, কাজ করে সংসার চালাই। আমাদের দিয়ে রাজনীতি করানো ঠিক না। আমরা শুধু ন্যায্য মজুরি আর সম্মানের সঙ্গে কাজ করতে চাই।” নারী শ্রমিকরাও অভিযোগ করেন, আগে হাজিরা ছিল ২৫০ টাকা, যা বর্তমানে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। তবে তাদের দাবি, প্রকৃত হাজিরা ৭০০ টাকা হওয়ার কথা থাকলেও তারা পাচ্ছেন মাত্র সাড়ে তিনশ টাকা। বাকি অর্থ কোথায় যাচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
অভিযুক্ত লেবার সরদার আশরাফুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কয়েকজন জামায়াত সমর্থক এসব অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি এখানে কাজ করছেন এবং সরদার হওয়া তার অধিকার। তার দাবি, আগে শ্রমিকরা মাসে ৮-১০ দিন কাজ পেতেন, আর তিনি দায়িত্ব নেওয়ার পর মাসে ১৮-২০ দিন কাজ পাচ্ছেন।
আন্দোলনের খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. মাইনুল ইসলাম শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং সরদার পদটি মৌখিকভাবে সাময়িক বন্ধের ঘোষণা দেন। শ্রমিকদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিলে তারা কর্মস্থলে ফিরে যান।
চুয়াডাঙ্গা বিএডিসিতে শ্রমিকদের আন্দোলন লেবার সরদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ



