স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালিগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যাকান্ডের প্রধান আসামি আবু তাহেরের (৩০) বিচার ও শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি সংগঠন মানবতা ফাউন্ডেশন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূিচ পালন করে বেসরকারি একটি সংগঠন ।
মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মারুফ সারোয়ার বাবু, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও এমএম শাহজাহান মুকুল, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন ও যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার, আইনজীবী ইউনুছ আলী, জিল্লুর রহমান জালাল, বদর উদ্দিন, রেজাউল হক-২ ও মানবাধিকার কর্মী নাসরিন নাহার, শান্ত, আবু হেনাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশের মানুষের নৈতিকতার অভাব হয়ে গেছে। মানুষ পশুর মতো আচরণ করেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকার যা যা করা দরকার সেটি করবেন। দ্রুত সময়ের মধ্যে মূল আসামি গ্রেপ্তার হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ সঠিক তদন্ত করবে। কিছু মানুষের কারণে দিন দিন আইনের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে। ধর্ষকের বিচার চাই। দেশে যেভাবে শিশু নির্যাতন বেড়েছে, আমরা যদি সবাই জাগ্রত না হয়, আইন-শৃঙ্খলা বাহিনী জাগ্রত না হয়, তাহলে তাদের নিরাপদ আবস্থায় রাখা যাবে না। আশা করবো তদন্তকারী কর্মকর্তা সঠিক অভিযোগপত্র দেবেন এবং বিচারক তড়িৎ দৃষ্টঅন্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অবিলম্বে গ্রেপ্তারকৃত আসামি আবু তাহেরকে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এবিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রসঙ্গত : নিখোঁজের একদিন পর গত ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জের বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে চার বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই নিহতের বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যাকান্ডের প্রধান আসামি আবু তাহেরের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত



