শিশু খাদ্যে মেয়াদউত্তীর্ণ তারিখ না দেওয়ায় দামুড়হুদার সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
শিশু খাদ্যে মেয়াদউত্তীর্ণ তারিখ না দেওয়ায়সহ নানান অভিযোগে দামুড়হুদার সিপি ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ করে। এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, হোটেল, ঔষধ, মুদি দোকান তদারকি করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকার কারণে  মো: মফিজুর রহমান এর মেসার্স সিপি ফুড প্রোডাক্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও  পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।