জীবননগর অফিস
জীবননগর উপজেলার হাসাদাহে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল শনিবার ইফতারের পরে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এতে জামায়াত ইসলামির ৪ জন ও বিএনপির ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০), মেহেদী হাসান ও তার পিতা জসিম উদ্দীন। আহতদের মধ্যে হাফিজুরের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছে ।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে হাসাদাহ বাজার এলাকার অবস্থা থমথমে বিরাজ করছিলো। জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিলো। যে কোন সময় একটি বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের একটি টিম। জীবননগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, হাসাদহে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিবেশ এখন অনেকটা শান্ত আছে।
হাসাদাহে পূর্ব শত্রুতার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন



