কেডিকে ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে বিনা-১৪ জাতের ধানের বীজ বিতরণ

কেডিকে প্রতিনিধি
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কাশিপুর ময়রা পাড়ায় কৃষকদের মাঝে বিনা-১৪ জাতের ধানের বীজ বিতরণ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের প্রত্যেককে ৫কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। বিনা-১৪ জাতের ধান অধিক ফলনশীল হওয়ায় কৃষকদের মধ্যে এ জাতের ধানের ব্যাপক চাহিদা রয়েছে।
কৃষকেরা জানান, সাধারণত ভুট্টা ও আলু চাষ শেষ হওয়ার পর এই ধানের চাষ করা হবে। কৃষক তুহিন সরদার জানান, গত বছর তিনি বিনা-১৪ জাতের ধান দুই বিঘা জমিতে আবাদ করেছিলেন এবং প্রতি বিঘায় প্রায় ২৫ মন ফলন পেয়েছেন। ভালো ফলনের কারণে চলতি মৌসুমে তিনি ৩বিঘা জমিতে এই ধানের আবাদ করার পরিকল্পনা করেছেন।
আরেক কৃষক সাইদ বলেন, গত বছর আলু চাষের পর তিনি বিনা-১৪ জাতের ধান আবাদ করে আশানুরূপ ফলন পেয়েছেন। ফলে চলতি মৌসুমে তিনি চার বিঘা জমিতে এই ধান চাষ করবেন।
বিনামূল্যে ধানের বীজ সংগ্রহকারী কৃষকদের মধ্যে ছিলেন টিপু সুলতান, শান্ত সরদার, তুহিন সরদার, সাইদ সাইদুর, রাবিব, আমিরুল, আবু তাহের, ফজলুর রহমান, আমিন সাহেব, খোকন ও মামুনসহ আরও অনেকে।
বিনামূল্যে ধানের বীজ পেয়ে স্থানীয় কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন এই উচ্চ ফলনশীল ধান তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।