চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে অ্যাসেট প্রকল্পের আওতায় ইনস্টিটিউট চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মো. আবু হাসানুজ্জামান নুপুর। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোছা. ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক ও নিয়ানার সাবেক পরিচালক মোছা. ফরিদা ইয়াসমিন। আলোচনা সভা শেষে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সেবিকা মহান পেশা। কিন্তু অতীতে এ পেশার শিক্ষার্থীদের চাকরির জন্য এ ধরনের মেলা চুয়াডাঙ্গাতে হয়নি। এ ধরনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে সেবিকা পেশার প্রতি আরো বেশি আগ্রহী করা যাবে। মেলায় স্থানীয় ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বুথে আগ্রহী শিক্ষার্থীদের চাকরির আবেদন গ্রহণ করেছে। একই সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের চাহিদা মতো আগ্রহী শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।