স্টাফ রিপোর্টার
কাগজ, কালিসহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সংবাদপত্র প্রকাশ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে সম্পাদকমণ্ডলীর মধ্যে বেড়েছে দীর্ঘশ্বাস। পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখেতে করনীয় নির্ধারণে চুয়াডাঙ্গা সংবাদপত্র সম্পাদক পরিষদ গতকাল শুক্রবার বেলা ১১টায় এক জরুরী সভায় মিলিত হয়। এ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মাত্র ৫ বছরের ব্যববধানে সংবাদপত্র প্রকাশের উপযোগি কাগজের দাম বেড়েছে কয়েক গুণ। যে কাগজ ছিলো সাড়ে তিনশ’ টাকা রিম, তা বেড়ে ৭শ টাকায় গিয়ে ঠেকেছে। কালি, পেলেটসহ যাবতীয় উপকরণের দাম আকাশ চুম্বি। পরিবহন খরচও বেড়েছে বহু। এরপরও সার্বিক বিবেচনায় সে হারে স্থানীয় পত্রিকার মূল্যবৃদ্ধি করা হয়নি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে স্থানীয় পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখতে স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদ এক সভায় মিলিত হয়। উপকরণের মূল্য বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে বিষদে আলোচনা করা হয়। বলা হয়, পাঠককূলের মতামতের ভিত্তিতে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
খাসখবর পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয়ে আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল আমিনকে আহ্বায়ক ও দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচিকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, দৈনিক পশ্চিমাঞ্চলের পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সংবাদপত্র সম্পাদক পরিষদ প্রতিষ্ঠাকালে গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আজাদ মালিতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন সরদার আল আমিন।
চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন, উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পত্রিকা প্রকাশ ধরে রাখতে করণীয় নির্ধারণে সভা



