আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শীতল এবং তার ছেলেসহ আরও কয়েকজন লোক খোকনের বসতভিটায় প্রবেশ করে টিনের ঘর ভেঙে ফেলে এবং বসতভিটার আশপাশের গাছ কর্তন করে। খোকন জানায় , প্রায় ২০ বছর আগে আলমডাঙ্গার দক্ষিণ শ্রীরামপুর ১১৫ নং মৌজার আরএস ৮০৩ নং- খতিয়ানের দাগ নং- ১৮৭০ ও ১৯৭৮ মোট ৪ শতক জমি বৈধভাবে মহাব্বত আলীর নিকট থেকে ক্রয় করেছিলেন একই গ্রামের আলম হোসেন। এই আলম হোসেনের কাছ থেকে সেই জমি তিনি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও , অভিযুক্তরা বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে।
খোকন আরও বলেন, আমি ২৭ শে ফেব্রুয়ারি শুক্রবার বাজারে অবস্থান করছিলাম। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তারা জমিতে প্রবেশ করে ঘর ভাঙচুর করেছে। প্রতিবাদ করলে আমার পরিবারের দু’জনকে মারধর করা হয়েছে। এ বিষয়ে খোকন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নোটিশ দিয়েছেন। তবে অভিযুক্ত শীতলের পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
কালিদাসপুরের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা



