হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের পূর্বপাড়ায় মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে মামা-ভাগিনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত পরশু বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে দাফন শেষে গ্রামবাসী ও আত্মীয়স্বজন বাড়ি ফিরে গেলে মামা ও ভাগিনারা কবরস্থানের দিকে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা রামদা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে সেখানে অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে। মামা, ভাই ও চাচারা কবরস্থানোর পৌঁছামাত্র তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এলোপাতাড়ি মারপিটে মাহাবুব ইসলাম (২৬), তার মেজো চাচা হামিদুল ও বড় চাচা শহিদুল ইসলাম আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং মামার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহতদের প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত মাহাবুব ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উলিয়াম (৪০), মিজানুর রহমান (৪৫), শরিফ উদ্দীন মালিতা (৫০), তুফাজ্জেল (৬০) ও তাহাজ্জেল হোসেন (৬৫) কে আসামি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। দাফনকে কেন্দ্র করে সেই বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে লাশ দাফনকে কেন্দ্র করে মামা-ভাগিনার সংঘর্ষ, আহত-৩



