স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তিথি মিত্র।
সভার শুরুতে গত সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরবিচ্ছিন্ন ভাবে সার কৃষকদের মাঝে বিতরণ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জেলা শহরের বিভিন্ন স্থানে মশা মারার ফগিং কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। এসময় চুয়াডাঙ্গায় মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করা হয়। মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। ইসলামী ফাউন্ডেশন প্রতি শুক্রবারে জুম্মার নামাজে সময়ে বাল্যবিবাহ প্রতিরোধে ও মাদক নির্মূলসহ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা পৌঁছায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রত্যেক স্কুলে অভিভাবক সমাবেশ করতে হবে। তাহলে বাল্যবিবাহ বন্ধ হবে। কৃষকদের মাঝে সার নিরবিচ্ছিন্ন ভাবে সরবরাহ করার বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তিথি মিত্র বলেন, কোনো এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে উঠুক।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা কৃষি অফিসার শারমিন শাহানাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, সদর থানার পরিদর্শক(অপারেশন) আবু সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মনি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন, রাহেলা খাতুন গালর্স একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।



