স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান সম্পর্কিত সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং ইউনিসেফ (টহরপবভ)-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।
সমাবেশে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খন্দকার ইমরান হাসিব জানান, সকল ধরনের ক্যান্সার এবং নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার ৪র্থ সর্বোচ্চ এবং বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি ২য় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত প্রায় ৯০% মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা ও এইচপিভি টিকাদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্ভব। বাংলাদেশে প্রতি এক লক্ষ নারীর ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর প্রায় ৬ হাজার ৫৬২ জন মহিলা মৃত্যুবরণ করেন। ২০০৮-২০১০ সময় কালেই ২ হাজার ৫৩৪ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে ভর্তি হয়েছে। তাই বাংলাদেশ সরকার দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এইচপিভি ভ্যাকসিন ১৫ অক্টোবর ২০২৩ থেকে পর্যায়ক্রমে সারাদেশের ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর বিশ্বের প্রায় ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। একটি জরিপে দেখা গেছে তার মধ্যে ৩ লাখ ৪২ হাজার জন নারী মৃত্যুবরণ করেন। এই জরায়ুমুখ ক্যান্সার রোধে একমাত্র কাজ করে এইচপিভি টিকা। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ৭৬ শতাংশ এবং পৌরসভায় ৪০ শতাংশ নারীকে এইচপিভি টিকার আওতায় আনা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা নেওয়া খুবই জরুরী।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার বলেন, বিশ্বের প্রায় ১৪০ টি দেশে এইচপিভি টিকা দেওয়া হয়। ক্যান্সার রোধে এই টিকাটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি অধিকাংশ নারীদেরই ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার হয়ে থাকে। তিন ডোজ এই এইচপিভি টিকা নেওয়া থাকলে ক্যান্সার রোধ করা অনেকাংশে সম্ভব। ৯ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে বিনামূল্যে এই টাকা নিতে পারবেন। তিনি আরো বলেন, অনেক অভিভাবকদের মাঝে ভুল ধারণা আছে যে এই টিকা নিলে বন্ধ্যাত্ব হয়। আসলে এই বিষয়টি সঠিক নয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাটি নেওয়া খুবই জরুরী। এইচপিভি টিকা গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এই টিকার বিষয়ে ব্যাপক পরিমাণে জনসচেতনতা তৈরি প্রয়োজন।
অভিভাবক সমাবেশ আরো বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম সনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলি হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



