আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
কোনো ডিসেম্বরেই শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদের সহযোগীদের জন্য বিচার ও ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে এবং ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল। কিন্তু গত দুই বছরেও শহীদদের হত্যার বিচার সম্পন্ন হয়নি। বিচার না পেলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর মাস হচ্ছে প্রতিরোধের ও বিজয়ের মাস। বাংলাদেশের ছাত্র-জনতা ঘুমিয়ে যায়নি এবং কোনো বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রযন্ত্রে আর কখনো ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সংস্কার প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠন নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের জায়গা বিশ্ববিদ্যালয়। বিগত সময়ে যে র্যাগিং, গেস্টরুম নির্যাতন ও গণরুম সংস্কৃতি চালু ছিল, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ছাত্রসংগঠনগুলোর কাজ কেবল ফুল দিয়ে নবীনদের বরণ করা নয়, বরং আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মেধাভিত্তিক বাংলাদেশ গঠন, দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে শিক্ষার্থীদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



