স্টাফ রিপোর্টার :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সাবেক-বর্তমান ফুটবলারসহ প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশ নেন।
প্রাণবন্ত খেলায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত টিম ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে গোলগুলো করেন বিএম তারিকুজ্জামান, সেলিম রেজা ও আশরাফ তুলিপ। অন্যদিকে চুয়াডাঙ্গা পৌরসভা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দল প্রথম রানার আপ হয়।
মাঠে দুই শতাধিক খেলোয়াড়ের এই বিশাল বহর সামলাতে ম্যাচ রেফারি ও সাবেক কৃতি ফুটবলার মিজানুর রহমান মানিককে বেশ হিমশিম খেতে হয়। খেলা চলাকালীন মাঠজুড়ে টানটান উত্তেজনা ও দর্শকদের মুহুর্মুহু করতালিতে উৎসবের আমেজ তৈরি হয়। পুরো ম্যাচটির প্রাণবন্ত ধারা বিবরণী প্রচার করেন ইসলাম রকিব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র এবং বীর মুক্তিযোদ্ধা আবেছউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার, এনডিসি ফাহাদ চৌধুরী, মির্জা শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও নাজমুল হক শান্তি প্রমুখ।



