চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে একনারীসহ চারজন গ্রেপ্তার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়া এলাকার সেলিনার গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোরস্থানপাড়ার মমতাজ বেগমের বাড়ির সামনে কাঁচা-পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় স্মৃতি খাতুন (১৯), তার স্বামী শীতল হোসেন (২১), আকাশ আহমেদ (২৩) ও প্রতীক হালদার (২০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিক্রি, হেফাজতে রাখা এবং মাদক কারবারে পৃষ্ঠপোষকতা ও মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনের পাশাপাশি আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা পলাতক রয়েছে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) অভিজিৎ সিংহ রায়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।