কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় কোটচাঁদপুরের আল ফালাহ ইসলামী সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মতিয়ার রহমান এমপি। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ঐতিহাসিক এ দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ মতিউর রহমান খান, শরিফুর রহমান খান টিটো, বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



