আলমডাঙ্গায় পুলিশের তৎপরতায় কমেছে কাগজপত্রবিহীন যানবাহন চলাচল

খন্দকার শাহ আলম মন্টু :
আলমডাঙ্গায় পুলিশের নিয়মিত তৎপরতা, নজরদারি ও ট্রাফিক আইন বাস্তবায়নের উদ্যোগে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। পুলিশের সক্রিয় ভূমিকার ফলে কমেছে কাগজপত্রবিহীন যানবাহন চলাচল। পাশাপাশি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য এবং যত্রতত্র যানবাহন চলাচলের প্রবণতাও আগের তুলনায় কমেছে বলে স্থানীয়দের অভিমত।


আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল, অতিরিক্ত গতিতে চলাচল এবং অসতর্কভাবে যানবাহন চালানোর কারণে পথচারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে ব্যস্ততম সড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতা ও নিয়মিত নজরদারির কারণে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, চালকের বৈধ লাইসেন্স পরীক্ষা এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ফলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ছে। একই সঙ্গে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকছেন অনেকেই। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি চালক ও পথচারীদেরও নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। পুলিশের নিয়মিত নজরদারি ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে আলমডাঙ্গায় সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।