কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কোটচাঁদপুর কোহিনুর অডিটরিয়ামের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিদ্যালয়ের সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিক মন্ডল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নিশাত সারিকা। পবিত্র কোরআন তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার সারা এবং গীতা পাঠ করে তীন সরকার। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী লালন সাঁইয়ের জনপ্রিয় গান পরিবেশন করে। তাদের সুরেলা কণ্ঠে লালনসংগীতের পরিবেশনায় মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আবহ। গানের মাধ্যমে উঠে আসে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা। বক্তারা বলেন, ফকির লালন সাঁই শুধু একজন সাধক ও সংগীতস্রষ্টা নন, তিনি মানবতা, সাম্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দার্শনিক। তাঁর গান ও জীবনদর্শন আজও মানুষকে ভেদাভেদ ভুলে মানবতার পথে চলার শিক্ষা দেয়। নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের দর্শন ও সংগীত তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুবাস কুমার রায়। লালন সাঁইয়ের জীবনদর্শন ও সংগীতচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মনন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



