দামুড়হুদায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে ৩৫ শিক্ষার্থীর পবিত্র কোরআন শিক্ষার সবক গ্রহণ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন শরীফের সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫ জন ছাত্র-ছাত্রীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে শিক্ষার্থীর পবিত্র কোরআন শিক্ষার সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, দামুড়হুদা উপজেলা শাখার মডেল কেয়ারটেকার রহমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার নজরুল ইসলাম, রফিকুল ইসলাম জিয়া, আব্দুল হালিম, মনিরুজ্জামান, আহমেদ আলী ও মাওলানা ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ জিল্লুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। কেন্দ্রটির নাম জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র এবং কেন্দ্র কোড নম্বর ৫৪১। এ ধরনের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।