আলমডাঙ্গায় স্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আসন্ন ২ নম্বর হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের আহমেদ মেরাজ (৩২) ও স্বপন (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক বোতল স্কাফ সিরাপ ও এক পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার চুয়াডাঙ্গা সড়কে স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাটবোয়ালিয়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই হাসিব সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে টহল ও দায়িত্ব পালন করছিল। এ সময় রেস্টুরেন্টের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে এক বোতল স্কাফ সিরাপ ও এক পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
আটক জুবায়ের আহমেদ মেরাজ আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর ক্লাবপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় আদম ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ২ নম্বর হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। জুবায়ের আহমেদ মেরাজ নিজেকে বিএনপির কর্মী হিসেবে দাবি করেন। অপর আটক স্বপন উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের আলমডাঙ্গা থানায় নেওয়া হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।