চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযান বিস্ফোরক মামলায় একজনসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে বিকাশ দেবনাথ (৫৩) এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শেরেগুল (৫৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক সেবনের মামলায় বিকাশ দেবনাথকে সামারি ট্রায়ালে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার শেখপাড়া এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে বিকাশ দেবনাথকে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার সময় গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।


পরে তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ২০২৪ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি শেরেগুলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মামলাটির তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই মহাদেব বাছাঁড়ের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার শেরেগুল চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রহমান ওরফে বুচু মন্ডলের ছেলে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।