স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রবিবার চুয়াডাঙ্গা সদর থানাধীন ভিমরুল্লাহ এলাকায় নতুন জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে দোকানের সামনে বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করা হয়। প্যাকেটের ভেতর দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেছে ডিএনসি।
উদ্ধার করা ইয়াবার মধ্যে একটি প্যাকেটে ২০০ পিস ওজন ২০ গ্রাম এবং অপর প্যাকেটে ১০০ পিস ওজন ১০ গ্রাম। সব মিলিয়ে ৩০০ পিস ইয়াবার ওজন ৩০ গ্রাম। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি। গ্রেপ্তার নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার



