দর্শনা অফিস
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাব্বিক হাসান (এফসিএমএ)।
প্রধান অতিথির বক্তব্যে রাব্বিক হাসান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজখবর রাখতে হবে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তারা কার সঙ্গে মেলামেশা করছে, নিয়মিত বিদ্যালয়ে গিয়ে ক্লাস করছে কি না—এসব বিষয়েও অভিভাবকদের নজর রাখতে হবে। শুধু সার্বক্ষণিক পড়াশোনা নয়, শিক্ষার্থীরা যাতে খারাপ সঙ্গ থেকে দূরে থাকে, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষক ও অভিভাবকরা দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের পাশে থাকলে তাদের কাছ থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম শিক্ষার মানোন্নয়নসহ এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে গঠনমূলক বক্তব্য দেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) রাসেল আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) শ্রী সুমন কুমার সাহা, সহ-ব্যবস্থাপক (অর্থ) নাইমা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. রাসেদ, সহকারী শিক্ষক (গণিত) শ্রী স্নেহময় বসাক ও ফারুক আহমেদ, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
অভিভাবকদের মধ্যে সাংবাদিক মো. ইয়াসির আরাফাত মিলন ও মো. রেজাউল করিম লিটন শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এমডি রাব্বিক হাসান



