জীবননগরে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ

জীবননগর অফিস
জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি উঅচ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকলেও একটি প্রতিষ্ঠানে সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে গতকার শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, শুক্রবার বিকালে জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি উঅচ সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে মজুদ করা সারগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুদ ও বিক্রির সুযোগ নেই। অভিযানে জব্দ করা ৪০৩ বস্তা উঅচ সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সার অবৈধভাবে মজুদ, কালোবাজারি বা নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।