আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে ইমদাদুল হকের ছোটগল্পে গ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে ইমদাদুল হকের ছোটগল্পে গ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খাইরুল ইসলামের সঞ্চালনায় হাফেজ ইমরান বকুলের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিমগ্ন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক লেখক নাদিউজ্জামান রিজভী।
অনুষ্ঠানের সূচিত শিরোনামে প্রবন্ধ রচনা ও পাঠ করেন কবি কাজল হায়দার। কাজল হায়দারের মতে, ইমদাদুল হকের গল্প পাঠের পর পাঠককে অন্তহীন জিজ্ঞাসা ও অতৃপ্ত পিপাসা তাড়িত করবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোহরাব হোসেন, ইসমাইল শিপন ও তামিম হোসেন ডালিম। অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করেন গল্পকার ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন ও সমাপনী বক্তব্য প্রদান করেন কথাসাহিত্যিক পিন্টু রহমান। তিনি ইমদাদুল হকের গল্পকে স্বীয় জনপদের গল্পবীক্ষায় গুরুত্বপূর্ণ সংযোজন বলে অভিহিত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার শাহ আলম মন্টু, গল্পকার মোস্তাফিজ ফরায়েজী, মুফতি মাহদি হাসান, মুনশি মুহাম্মাদ ইমাদুল্লাহ, মোঃ নাছিম, মোঃ সিদ্দিক হোসেন, সোহেল রানা, সালাউদ্দীন, বেলায়েত হোসেন বিপু, শারজিল হাসান, আল নাফি, কাজী রোহান ও রাইন রহমান।
উল্লেখ, গল্পকার ইমদাদুল হক ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামে। তিনি ২০০৪ সালে ঢাকার ঐতিহ্যবাহী জামিআ আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইফতা পড়েন। বর্তমানে তিনি আলমডাঙ্গা শহরে শিক্ষকতা, ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করছেন। মৌলিক রচনা, অনুবাদ ও সম্পাদনা মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২টি। ‘যে দেশে ঈদ নেই’ তাঁর সম্প্রতি প্রকাশিত গল্পগ্রন্থ। গ্রন্থটিতে ১৪টি গল্প রয়েছে: ‘যে দেশে ঈদ নেই’, ‘স্বপ্নজুড়ে’, ‘অন্তর্ধান’, ‘শস্পিত প্রান্তর’, ‘সিদ্ধান্ত’, ‘শেষ না হওয়া শেষ দুটি পৃষ্ঠা’, ‘মাহিয়া’, ‘সমস্ত দিনের শেষে’, ‘সখীসংবাদ’, ‘মনিদুহার বিল’, ‘আটপৌরে’, ‘নৈকট্যের ব্যবধান’, ‘কিংবদন্তি’, ও ‘ইমাম’। প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান যতি। প্রকাশকাল আগস্ট ২০২৬। পৃষ্ঠা সংখ্যা ৯৬। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা মাত্র।
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে ইমদাদুল হকের ছোট গল্পেগ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার শীর্ষক সেমিনার



