স্টাফ রিপোর্টার
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রেীয় কমিটির সহ বানিজ্য বিষয়ক সম্পাদক নুর আমীন লালন।
সমাবেশে প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ বানিজ্য বিষয়ক সম্পাদক নুর আমীন লালন বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। তবে তার চেহারা এখনও দেখা যায়নি। নিষিদ্ধ আওয়ামীলীগের গুন্ডারা সারাদেশে বোমাবাজি, চাঁদাবাজি করছে। মানুষের জানমালের ক্ষতি করছে। এটার দায়ভার কে নেবে? জনগণের আস্থার প্রতীক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক দয়ালু। না হলে এই আগাছা অনেক আগেই আমরা উপড়ে ফেলতে পারতাম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, আপনারা আমাদের প্রতিবেশী। আপনারা এমন কোনো কাজ করবেন না যেন আমাদের কঠোর হতে বাধ্য হতে হয়। আপনারা এই ভুয়া, প্রতারক, মিথ্যাবাদী, খুনি শেখ হাসিনার কথায় কেন টাকার বিনিময়ে বোমাবাজি করছেন? সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছেন? যদি কেউ আবারও বোমাবাজি করতে আসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাত্র ৬ মাস ক্ষমতায় এসেছেন। আপনারা তাকে সময় দিন। বিশ্বাস রাখুন। তিনি অবশ্যই ভালোভাবে দেশ গড়বেন। দেশ স্বাবলম্বী হবে। আপনারা স্বাবলম্বী হবেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হামিদুর হক টুটুল, ইলিয়াস হোসেন,যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব শরিফুল আলম রাজা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক, সদস্য সচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব সুমন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ



