তিতুদহ প্রতিনিধি
জীবননগর উপজেলাধীন আন্দুলবাড়িয়া ডেঙ্গু রোগের বিস্তার রোধ, প্রতিকার ও প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়িয়া ইউনিয়নের মোহাম্মাদীয়া দারুলউলুম কওমি মাদ্রাসায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের ডেঙ্গুর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, একসঙ্গে অনেক শিক্ষার্থী অবস্থান করায় মশাবাহিত রোগের বিষয়ে তাদের সচেতনতা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদ্রাসার মুহতামিম শহীদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম খুবই প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় মানুষেরও উপকারে আসবে। এ সময় মুফতী লোকমান হাকিম, নুরুজ্জামান, আবু বকর, আব্দুল কুদ্দুছসহ সংগঠনের সদস্য সাহাবুল, সাব্বির ও ফারদিন ফারাবি উপস্থিত ছিলেন।
আন্দুলবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিবেশবাদী সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম



