দর্শনায় নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় চুরি, যুবক আটক

দর্শনা অফিস
দর্শনা নূরানী কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রিয়াদ নামে এক যুবককে আটক করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
দর্শনা নূরানী কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এর আগে এমন চুরির ঘটনা ঘটেনি। গত রাতে কোনো একসময় প্রতিষ্ঠানের গ্রিল ভেঙে অফিসকক্ষে প্রবেশ করে চোর। পরে অফিসের বিভিন্ন ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয় এবং একটি কম্পিউটার সেট ও সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।
চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়া কম্পিউটারে ২০১৭ সাল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, ফলাফল ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। এসব তথ্য হারিয়ে গেলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফজরের নামাজের পর হাঁটতে বের হওয়া কয়েকজন শিক্ষক প্রতিষ্ঠানের গ্রিল ভাঙা দেখতে পেয়ে অধ্যক্ষকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দর্শনা থানায় বিষয়টি অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ রিয়াদকে শনাক্ত করে। স্থানীয় আজমপুরের যুব সমাজের উদ্যোগে চুরি যাওয়া কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে  মোহাম্মদপুর মহল্লার একটি বাড়ি থেকে  শফির ছেলে রিয়াদকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।