আগামী ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘মাদক তো নয়, খেলাধুলা করি, মাদকমুক্ত দেশটা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল  বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, জেলার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, ক্রীড়াক্ষেত্রে উৎসাহ  সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর  রবিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ ছাড়া চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল , চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন ও সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লোগো উন্মোচন ও অফিসিয়াল থিম সং প্রকাশ করা হয়। পাশাপাশি টুর্নামেন্টের খেলার সময়সূচিও সাংবাদিকদের অবহিত করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের লোগোর মাধ্যমে খেলাধুলার প্রতি অঙ্গীকার, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে বার্তা তুলে ধরা হয়েছে। অন্যদিকে টুর্নামেন্টের থিম সংয়ে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, সুস্থতা, উদ্দীপনা, সম্প্রীতি ও ইতিবাচক চেতনা তৈরির বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধের বিষয়ও এতে তুলে ধরা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজিসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।