স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। নিউ সাউথ ওয়েলসের সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী। গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন।
এলিজা রহমানের এই অর্জনের খবরে তাঁর জন্মস্থান দর্শনা ও চুয়াডাঙ্গায় আনন্দের সৃষ্টি হয়েছে। শ্যামপুর গ্রামসহ জেলার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তাঁকে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এলিজা রহমানের পারিবারিক শেকড় দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। দুই দশকের বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা। পরবর্তী সময়ে তিনি দেশটির লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। দুই বছরের মধ্যেই ডেপুটি মেয়রের দায়িত্ব পাওয়া তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে। একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না উল্লেখ করে তিনি নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
এলিজা জানান, তাঁর এ পথচলায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন পেয়েছেন। এসব সমর্থন তাঁর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারে তাঁর এ অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরা এবং সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
এলিজার বাবা আজাদুল ইসলাম আজাদ মেয়ের এ অর্জনে আনন্দ প্রকাশ করে ফেসবুক পোষ্টে বলেন, প্রায় দুই বছর আগে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে এলিজা দায়িত্ব শুরু করেন। এবার একই কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তিনি পরিবার ও বাংলাদেশি হিসেবে গর্বিত। মেয়ের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন স্থানীয় সরকার প্রতিনিধি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে রয়েছেন।
দর্শনার শ্যামপুর গ্রামের পরিচিত গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের নেতৃত্বে এলিজা রহমানের উঠে আসা চুয়াডাঙ্গার মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। তাঁর এ অর্জন প্রবাসে বাংলাদেশি নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও নতুন অনুপ্রেরণা তৈরি করেছে।
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার মেয়ে এলিজা রহমান



