মেহেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুর অফিস
মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন।
মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস ও জকসু সভাপতি আবদুল আলীম আরিফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জকসুর কার্যনির্বাহী সদস্যআকিব হাসান এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। শিক্ষাজীবনে অর্জিত মেধা ও জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ইসলামী সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়। পরে জেলার তিন উপজেলা থেকে ৪০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।