আলমডাঙ্গা পৌরসভার আয়-ব্যয় ও উন্নয়ন প্রকল্পের নথি চেয়ে তথ্য অধিকার আইনে নাগরিকের আবেদন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্প, ক্রয় ও দরপত্র, ঠিকাদারি, পৌর সম্পত্তি, নিয়োগ এবং অডিট-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথির প্রত্যয়িত অনুলিপি চেয়ে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আবেদন করেছেন পৌরসভার নাগরিক মোল্লা ফারুক এলাহী। গতকাল মঙ্গলবার তিনি আলমডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসকের কাছে এ আবেদন করেন।
আবেদনে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, আয়-ব্যয়ের হিসাব, সরকারি বরাদ্দ, ব্যাংক হিসাব এবং ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত অডিট প্রতিবেদন ও অডিট আপত্তির তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন, প্রাক্কলন, দরপত্র, কার্যাদেশ, ঠিকাদার, চুক্তিপত্র, বিল ও পেমেন্ট-সংক্রান্ত নথিও চেয়েছেন তিনি।
এ ছাড়া পৌরসভার রাজস্ব আদায়, বকেয়া কর, জমি ও স্থাবর সম্পত্তি, ইজারা, জনবল ও নিয়োগ, যানবাহন, স্থায়ী সম্পদ এবং বিভিন্ন সভা ও কমিটির কার্যবিবরণী সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। গত পাঁচ বছরে পৌরসভায় পাওয়া অভিযোগ এবং সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া ব্যবস্থা সম্পর্কেও তথ্য চেয়েছেন আবেদনকারী।
মোল্লা ফারুক এলাহী বলেন, পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে, আয় ও জনবল বেড়েছে। কিন্তু নাগরিক হিসেবে প্রত্যাশিত সেবা কেন সেই অনুপাতে বাড়ছে না—এর কারণ জানা দরকার। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেই তথ্যগুলো চেয়েছি।’
তিনি আরও বলেন, তথ্য পাওয়ার পর পৌরসভার আয়-ব্যয়, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের বাস্তব চিত্র নাগরিকদের সামনে পরিষ্কার হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য না পেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন বলেও জানান তিনি।
তথ্য অধিকার আইনে করা এ আবেদনকে ঘিরে আলমডাঙ্গা পৌরসভার আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।