দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদায় বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার কালিয়াবকরি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কালিয়াবকরি গ্রামের মাদার মণ্ডলের ছেলে লিটন হোসেন (৪০) ও তাঁর স্ত্রী লিপা খাতুন (৩৬)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে লিটন হোসেন বাড়ির পাশে গরুর জন্য বৈদ্যুতিক মেশিনের সাহায্যে ঘাস কাটছিলেন। এ সময় কোনোভাবে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী লিপা খাতুন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর পরিবারের সদস্য দ্রুত তাঁদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. তাদের মৃত ঘোষণা করেন ।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের সদস্যরা লিটন হোসেন ও লিপা খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহউদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দামুড়হুদার কালিয়াবকরি গ্রামে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু



