মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতের কোন একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে এলাকায় আসেন। স্থানীয় একজনকে দ্বায়িত্ব দেওয়া আছে পুকুর দেখাশোনা করার জন্য। পুকুরের কেয়ারটেকার মিলন জানান, তিনি সকালে হঠাৎ দেখতে পান কুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠেছে সেই সাথে বিকট গন্ধ। সাথে সাথে বিষয়টি তিনি পুকুরের মালিক ডক্টর আশরাফুল ইসলামকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কাহারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেননি পুকুরের কেয়ারটেকার মিলন।
এ ব্যাপারে পুকুর মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম জানান, তার সাথে কারো শত্রুতা নেই তবে কেন এই মাছ নিধন তা বলতে পারছিনা। তবে পুকুরের অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে আড়াই লাখ টাকার মাছ নিধন



