জীবননগরে স্মার্টফোনে অনলাইন গেমিং ও জুয়ার ফাঁদে বিপথে হাজারো তরুণ

জীবননগর অফিস
স্মার্টফোন ও ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য কিংবা বিনোদন সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তবে এর সুযোগ নিয়ে অনলাইন গেমিংয়ের আড়ালে জুয়া ও বিভিন্ন ধরনের বেটিং প্ল্যাটফর্মের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে জীবননগর উপজেলায়। সহজে টাকা আয়ের প্রলোভনে অনেক তরুণ এসব অনলাইন প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন গেম ও বেটিং অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের প্রবণতা তরুণদের একটি অংশের মধ্যে তৈরি হয়েছে। শুরুতে অল্প টাকা দিয়ে খেলা বা বাজি ধরলেও ধীরে ধীরে কেউ কেউ বড় অঙ্কের অর্থ হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকে পরিবারের সদস্যদের কাছ থেকে গোপনে টাকা নেওয়া কিংবা ধারদেনা করে এসব প্ল্যাটফর্মে অর্থ ব্যয় করছেন। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বিভিন্ন চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেঞ্জার ও বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করছে বলে অভিযোগ রয়েছে। প্রথমদিকে লাভের সুযোগ দেখিয়ে পরে অধিক অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়। এতে কেউ কেউ সাময়িকভাবে অর্থ পেলেও দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, সন্তান সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহার করছে কি না, কার সঙ্গে যোগাযোগ করছে কিংবা কী ধরনের অ্যাপে সময় কাটাচ্ছে অনেক ক্ষেত্রেই তা তারা বুঝতে পারছেন না। ফলে বিষয়টি পরিবারে ধরা পড়ার আগেই অনেক তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। তরুণদের অনলাইন আসক্তি শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকা, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং মানসিক চাপ বাড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
জীবননগরের বিভিন্ন এলাকার অভিভাবকদের দাবি, প্রযুক্তির ভালো ব্যবহারের পাশাপাশি তরুণদের অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমিং থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জীবননগর উপজেলায় স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন জুয়া, বেটিং এবং ক্ষতিকর গেমিংয়ের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।