স্টাফ রিপোর্টার
নজরুল বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠানটি আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এরপর শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগীতা উপলক্ষ্যে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চা ও তাঁর লেখা অসংখ্য কবিতা, কাব্যগ্রহ্ন, উপন্যাসসহ অসংখ্য সাহিত্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের স্বপ্নদ্রষ্টা। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক সমাজ গড়তে অনুপ্রেরণা দেয়। নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নজরুলের আদর্শ ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু পুরস্কার অর্জনের জন্য নয়, নজরুলের সৃষ্টিকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবে। তাদের মধ্য থেকেই আগামী দিনের সংস্কৃতিমনা, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে। কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা আমাদের সমাজ ও রাষ্ট্রজীবনে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বি.এম তারিক-উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জাতীয় কবি কাজী নজরুলের লেখা অসংখ্য গানের ওপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামি ২ সেপ্টেম্বর থেকে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গায় নজরুল বিষয়ক জাতীয় সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক



