সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু

দর্শনা অফিস
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় স্বামী সফর উদ্দিনের মৃত্যুর শোক সইতে না পেরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যুর ঘটনায় দর্শনায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনায় তাঁদের এক ছেলে ও এক মেয়েসহ দুই নাবালক সন্তান বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য সৌদি আরবে পাড়ি জমান। দেশটির আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ আগস্ট সৌদি সময় ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। সফর উদ্দিন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাংবাদিক শরীফ উদ্দিনের ছোট ভাই।
এদিকে, গত ১০ আগস্ট স্বামী সফর উদ্দিনের ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পেয়ে মারাত্মক মানসিক আঘাত পান স্ত্রী ববিতা খাতুন। ওই দিনই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে ববিতা খাতুনের মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ঢাকার হাসপাতালে পৌঁছে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
অন্যদিকে, সফর উদ্দিনের মরদেহ সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পাশাপাশি জামায়াতের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জানাজা শেষে শ্যামপুর গোরস্থানে ববিতা খাতুনের মরদেহ দাফন করা হতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।