আলমডাঙ্গার লক্ষ্মীপুরে বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ‘বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মুসল্লি, মসজিদ নির্মাণ কমিটি, বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন জর্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক খান, হারদী ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। তাই নতুন মসজিদটি নির্মাণে স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও ধর্মপ্রাণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মসজিদটির নির্মাণকাজে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। মসজিদ নির্মাণে জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সহায়তা পাওয়ার জন্য আবেদন করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মসজিদ নির্মাণ কমিটির পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতা ও দোয়ার মাধ্যমে ‘বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ’-কে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
উদ্বোধন শেষে মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।