আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা-রুইতনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সিএইচএল সুপার লীগের এবারের আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফুটবল ফাইটার্স ইয়ং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিজয়ী দল। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার পাশাপাশি খেলার মাঠের স্বকীয়তাও নষ্ট হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর খেলার মাঠগুলো পুরোনো ঐতিহ্যে ফিরে আসতে শুরু করেছে। তারুণ্যের উচ্ছ্বাসে খেলার মাঠগুলো নতুন যৌবন ফিরে পেয়েছে—এটাই নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা দলীয়ভাবে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক বিস্তার ঘটাতে।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসীন আলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন হাঁপানিয়া ক্যাম্পের ইনচার্জ প্রভাষ কুমার, চিৎলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসকার আলী টুটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা ও ইউপি সদস্য বেল্টু বিশ্বাস, ইউপি সদস্য নিজাম উদ্দিন, দুলু মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, আনোয়ার হোসেন, শিমুল হোসেন আলামীন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক সাজদার হোসেন ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জিনারুল ইসলাম লাদেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলমডাঙ্গার চিৎলায় সিএইচএল সুপার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ



