দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দামুড়হুদা অফিস
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালি শেষে মাথাভাঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্যের উপরে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিলীমা আক্তার হ্যাপি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মাছ ব্যবসায়ী, মৎস্যচাষী, উদ্যোক্তাসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমীন বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওঃ মামুনুর রশীদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।