স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ৪ জনকে বিএসএফ পুশ ইনের চেষ্টা করে। তবে গ্রামবাসীর সহায়তায় পুশ ইনের সেই চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার বেলা ১ টার দিকে কুসুমপুর বিওপি’র চাপাতলা মাজার এলাকার কাছে বিএসএফ ৪ জন অজ্ঞাতনামা নারী ও পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন এর প্রচেষ্টা করে। এ সময় বিজিবির কুসুমপুর বিওপি’র টহল দলের তৎপরতায় প্রতিহত করা হয়।
ঘটনার সময় সীমান্ত পিলার ৬১/১২-আর বরাবর অবস্থিত গেইট দিয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে। এদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ১ জন শিশু। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই কুসুমপুর বিওপি’র টহল দলের নজরে আসে। কুসুমপুর বিওপি’র টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং বর্তমানে তারা সীমান্তের শুন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কলা বাগানের মধ্যে অবস্থান করছে। ভিডিওতে দেখা যায়, ৪ জন নারী-পুরুষ কচুরিপানা ভর্তি একটি খাল থেকে উপরে উঠে কলাবাগানের দিকে চলে যায়। বিষয়টি ১৯৪ বিএসএফ’কে অবগত করা হয়েছে বলে জানায় বিজিবি।
মহেশপুর কুসুমপুর সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, গ্রামবাসীর সহায়তায় প্রতিহত করলো বিজিবি



