স্টাফ রিপোর্টার
মূল্য তালিকা না দেওয়া, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায় তিনটি দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচাল করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় দামুড়হুদার বিভিন্ন বাজারে সার, বীজ, হোটেল, ফার্মেসি ও মিষ্টি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এ তদারকি চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কার্পাসডাঙ্গার মো. আব্দুল হাই সিদ্দিকের মেসার্স গাউছিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্নায় আয়োডিন বিহীন লবণ ব্যবহার করায় দামুড়হুদা বাজারের মো. লিটন আলীর প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং লাইসেন্স ছাড়া দই তৈরি ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে একই এলাকার সেলিম উদ্দীনের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ দোকানদারের কাছ থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ কিংবা শিশু খাদ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় সহযোগিতায় ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সদস্য মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।
মূল্য তালিকা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে দামুড়হুদা ও কার্পাসাডাঙ্গা বাজারে তিন দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা



