স্টাফ রিপোর্টার
‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় চুয়াডাঙ্গার তরুন শিক্ষার্থী ও উদীয়মান মার্শাল আর্ট ক্রীড়াবিদ রাকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নতুনকুঁড়ি স্পোর্টস ২০২৬ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার হয়ে অংশ নেয় রাকিবুল। সে খুলনা বিভাগীয় পর্যায়ে মার্শাল আর্টের “উশু” ক্যাটাগরিতে গোল্ড মেডেল এবং জাতীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন করে পুরো জেলার মুখ উজ্জ্বল করেছে। কৃতি এই খেলোয়াড় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার পদকজয়ী রাকিবুলকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। জাতীয় পর্যায়ে এই অনন্য কীর্তি অর্জন করায় জেলা প্রশাসক তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাকিবুলের পড়ালেখা ও পারিবারিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার। এছাড়াও ক্রীড়াবিদদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সানি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, স্পোর্টস রিপোর্টার ইসলাম রকিব ও কোচ সাব্বির আহমেদ।
নতুন কুড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে মার্শাল আর্টে রৌপ্য পদকজয়ী রাকিবুলকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা



