গাংনীর ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্তের ১৩৫/৪-এস নম্বর পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁধা দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করেন টহলরত সদস্যরা। এরপর ধলা বিওপির টহল দল তাদের বাধা দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পুশইনের চেষ্টায় থাকা পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তারা বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।