স্টাফ রিপোর্টার
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে এ মাতৃদুগ্ধের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের অপরিহার্যতা তুলে ধরা হয়। জন্মলগ্নেই শিশুকে শালদুগ্ধ প্রদান এবং প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। মাতৃদুগ্ধ পান করালে একটা শিশুর মস্তিষ্কের ক্ষমতা, পুষ্টির চাহিদা, শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণ হয় বলে জানানো হয়।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিশু জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর জন্য মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। যারা বাচ্চা জন্মের পর বাইরে দুধ কিনে খাওয়ান এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। একটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর শিশুর জন্য মায়ের প্রথম দুধ বা শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মা ও শিশুর মধ্যে গভীর বন্ধন তৈরি করে। তাই মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম এবং সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রত্যন্ত এলাকার মায়েদের কাছে মাতৃদুগ্ধের উপকারিতা ও সঠিক পদ্ধতির বার্তা পৌঁছে দিতে হবে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তিথি মিত্র, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপক কুমার সাহা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদ তানি, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রানা, জেলা সমাজসেবার উপ-পরিচালক জাকির হোসেন প্রমুখ।
সভা শেষে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পুষ্টি বিষয়ক উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। একই সাথে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে মা ও শিশু পরিবার বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ১ম, ২য় ও ৩য় শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিশুর জন্য মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই



