মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মহিলা কলেজপাড়া মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চুরির ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে গাংনী পৌরসভার মহিলা কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজপাড়ার কালাম হোসেনের ছেলে শান্ত (২৪) ও ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া এলাকার আনারুল ইসলামের ছেলে রাছেল (২০)।
নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে দোকানে এসে দেখেন, দোকানের টিন ও সিলিং ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। দোকানের ড্রয়ারে থাকা নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের মোবাইল রিচার্জ কার্ড চুরি হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় শান্তকে আটক করা হলে সে চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে থানায় নিয়ে যায়।
আটক শান্ত পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা কথা স্বীকার করে বলে যে মাঝে মাঝে তার মাথায় তীব্র যন্ত্রণা হয়। তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, বরং নেশা ও চুরি করার প্রবণতা তৈরি হয়। সেই কারণেই তিনি চুরির ঘটনায় জড়িয়েছেন বলে জানান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গাংনীতে ডিপার্টমেন্টাল স্টোরে চুরির ঘটনায় দুজন আটক



