চুয়াডাঙ্গার লেখক মাসুদ রানা রচিত ‘চিন্তার লড়াই’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার লেখক, গবেষক ও চিন্তক মাসুদ রানা শেখ সাগর রচিত ‘চিন্তার লড়াই’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। গত সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পুরানা পল্টনের একটি আবাসিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এটি লেখকের প্রকাশিত চতুর্থ গ্রন্থ। বইটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে উৎসর্গ করেছেন লেখক। উৎসর্গপত্রে তিনি শরীফ ওসমান বিন হাদিকে ‘২১ শতকের কালচারাল মুয়াজ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, লেখক মাসুদ রানা আমার একজন প্রিয় লেখক। তিনি তরুণ প্রজন্মকে নিয়ে ভাবেন এবং লেখেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। ‘চিন্তার লড়াই’ তাঁর ‘তরুণ সিরিজ’-এর দ্বিতীয় বই। প্রথম বইটি আমার পড়ার সুযোগ হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; এশিয়া এবং এশিয়ার বাইরেও তরুণদের অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার বিষয়ে কাজ হচ্ছে।
লেখক মাসুদ রানা শেখ সাগর বলেন, ‘চিন্তার লড়াই’ আমার ‘তরুণ সিরিজ’-এর দ্বিতীয় বই। বইটি সবার জন্য লেখা হলেও মূলত তরুণ ও কিশোরদের লক্ষ্য করেই রচনা করা হয়েছে। পশ্চিমা আগ্রাসন, ভারতীয় আগ্রাসন কিংবা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের মতো বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেক তরুণই যথেষ্ট ওয়াকিবহাল নয়। এমনকি এসব পরিভাষার সঙ্গেও অনেকে পরিচিত নয়। তাই মূলত তরুণদের সচেতন করতেই বইটি লেখা।
মাসুদ রানা শেখ সাগরের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। তিনি শেখ রবিউল হকের ছেলে। লেখালেখির জগতে তিনি ইতোমধ্যে সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। বাংলাদেশ ও ভারত উভয় দেশ থেকেই তাঁর বই প্রকাশিত হয়েছে। অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম ‘রকমারি’তে তিনি বেস্টসেলার লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে ‘তৃষ্ণার্ত মুসাফির’, ‘যুবক! ইউ আর দ্য গেম চেঞ্জার’ এবং ‘যেমন তরুণ চাই’।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।