ঝিনাইদহ অফিস
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকায় ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। এ সময় বিআরটিএর মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুন-অর-রশিদ এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দের অবৈধ হাইড্রলিক হর্ন ব্যবহারের অভিযোগে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এসব অপরাধে মোট ৮ হাজার ৪ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং জনদুর্ভোগ হ্রাসে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২০ যানবাহনকে জরিমানা, হাইড্রলিক হর্ন জব্দ



