গাংনীতে ১০ হাজার ২০০টি গাছের চারা বিতরণকালে এমপি নাজমুল হুদাগাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও নিশ্চিত করতে হবে

মেহেরপুর অফিস
যতোদিন গাছটা বেঁচে থাকবে ততোদিন আপনি সোয়াব পাবেন, এই অনুভুতি নিয়ে আমরা আগামীতে এই গাছগুলো লাগায়ে সেগুলোর রক্ষণাবেক্ষণ করবো নিজ দ্বায়িত্বে, তাহলে উনাদের প্রধানমন্ত্রীর তার সরকারের যে দৃষ্ঠিভঙ্গি সেটা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদা। গতকাল সোমবার সকাল ১১টায় মৌসুমি প্রণোদনা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
মেহেরপুরের গাংনী উপজেলায় ১০ হাজার ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ টি করে গাছের চারা, ৫ কেজি করে গোবরের জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০টি করে গাছের চারা, ৫০ কেজি করে গোবরের জৈব সার এবং ১০টি করে বাঁশের খুঁটি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ জায়গায় গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহবান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।