মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে একটি বাড়ির প্রাচীরের পাশে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সাহারবাটি গ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা বরকত আলীর বাড়ির প্রাচীরের পাশে ব্যাগটি দেখতে পান স্থানীয়রা। বরকত আলী সাহারবাটি গ্রামের ফজল আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ চলাকালে তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ প্রাচীরের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ধাওয়া দেয়। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ব্যাগটির ভিতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
গাংনীর সাহারবাটিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী



